বরগুনায় চলন্ত ট্রাকে আগুন

বরগুনা প্রতিনিধি: দেশে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয় দিনে বরগুনা-বরিশাল  মহাসড়কে দুর্বৃত্তরা একটি চলন্ত ট্রাক ভাংচুর করে আগুন দিয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে মহাসড়কের বরগুনা সদর উপজেলার সোনারবাংলা বাঁধঘাট নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কসমেটিক মালামাল বহনকারী মিনি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। 

ট্রাক ড্রাইভার মো.জলিল জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা মিনি ট্রাকটি মহাসড়কের সোনার বাংলা নামক এলাকায় আসলে মুখোশধারী সাত থেকে আটজন দুর্বৃত্ত ঢিল মেরে সামনের গ্লাস ভেঙ্গে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় দুবৃর্ত্তরা ট্রাক ড্রাইভারকে মারধর করে। এরপর স্থানীয় লোকজন ট্রাকের আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ ও বরগুনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সহায়তা করে। 

এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।