কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কমছে শীতকালীন সবজির মূল্য। গত এক সপ্তাহে বাজারে আগাম শীতকালীন সবজি আসতে শুরু করায় দাম কমেছে। কেজিতে ২০-৫০ টাকা কমতে থাকায় স্বস্তির নিশ্বাস ফেলছেন ক্রেতারা।
সোমবার (৬ নভেম্বর) সকালে কমলগঞ্জ সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি লাল শাক ১০ থেকে ১২ টাকা, লাই শাক ২৫ টাকা, বরবটি ৪০ টাকা, পটল ৪৫ টাকা, বেগুন ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪৫ টাকা, মূলা ৩০ টাকা, পেঁপে ১৫ থেকে ২৯ টাকা, শিম ৬০ থেকে ৬৫ টাকা, শসা ৩০ টাকা, টমেটো ৬০ টাকা, প্রতি পিস লাউ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা ক্রেতা আব্দুস শুকুর জানান, এক মাসে যা আয় হয় তা দিয়ে বাজারের চাহিদার অর্ধেকও জোগাড় করা সম্ভব হতো না। এখন সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছি।
পাইকারী বাজারের ব্যবসায়ীরা বলেন, আমদানি বাড়ায় ও আগাম শীতকালিন সবজি বাজারে উঠতে শুরু করায় সবজির দাম কমেছে। এতে কমতে শুরু করেছে আলুর দামও। গত দুই দিনে প্রতি কেজিতে আলুর দাম কমেছে ১৫ টাকা থেকে ২০ টাকা। সেই সঙ্গে পেঁয়াজের দামও কমেছে। গেল সপ্তাহে ১১০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হলেও সোমবার বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকা ।
বাজারের কাচাঁমাল পাইকারী ব্যবসায়ী খালেদ হোসেন জানান, লাল শাক প্রতি কেজি ১২ টাকা, লাই শাক ২৫ টাকা, লাউ প্রতি পিস ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি করেছি।
পাইকারি বাজারের আলু ব্যবসায়ী মো. নিয়ামত উল্লা জানান, মুন্সিগঞ্জের আলু প্রতি কেজি ৩৫/৩৬, রাজশাহী ও রংপুরের আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।