লালমনিরহাটে বিএনপি অফিসে তালা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে হরতালের দিনেও সকাল থেকে তালা ঝুলছে বিএনপির জেলা কার্যালয়ে। এদিকে হরতালের সমর্থনে সকাল থেকে শহরের কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলায় হরতাল সমর্থনে মিছিল করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া শহরের বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

রোববার (১৯ নভেম্বর) সকালে হরতালের সমর্থনে কালীগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিধান চন্দ্র রায় ও যুগ্ম-আহ্বায়ক শামসুজ্জামান সবুজের নেতৃত্বে উপজেলার চাপারহাট আঞ্চলিক মহাসড়কে মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরআগে সকালে ৯টা থেকে বিএনপির নেতাকর্মীরা ওই সড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এসময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ করির জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিল করেছে শুনেছি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সড়কে সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সকাল ১০টায় সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন বিএনপি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সংযোগ স্থান শিমুল তলায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে হরতাল সমর্থনে মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও দুপুরের পরে স্বাভাবিক হয়। 

সদর থানার ওসি ওমর ফারুক জানান, বিএনপি নেতাকর্মীরা বড়বাড়ি ইউনিয়নে একটি  মিছিল করেছে। তবে শহরের পরিবেশ পুরো শান্ত। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি দাবী করেন।