লামায় ট্রাক্টরের চাপায় এক শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় ট্রাক্টরের চাপায় আব্দুল্লাহ নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়ার এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, রাস্তার পাশে কয়েকটি শিশু একসাথে খেলছিল। অন্যদিকে পাহাড়ে উঠতে গিয়ে ট্রাক্টরটি আটকে যায়। পরে ট্রাক্টর চালক শিশুটিকে ধাক্কা দিতে বললে সে নিয়ন্ত্রণ হারিয়ে শিশু আবদুল্লাহকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু আবদুল্লাহর মৃত্যু হয়।

নিহত শিশু আব্দুল্লাহর মা জানান, ট্রাক্টর ড্রাইভার মো. মহসিন একই এলাকার এসকান্দর মাষ্টারের ছেলে। সে প্রায় সময় শিশুদের দিয়ে তার ট্রাক্টর ধাক্কা দেয়ায়। তার অবহেলায় এই ঘটনা ঘটেছে।

আজিজনগর পুলিশ ক্যাম্পের এসআই নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।