লালমনিরহাটে ঠিকাদারের সঙ্গে যোগসাজশে প্রকল্পের শ্রমিক দিয়ে রাস্তার পাশে মাটি ফেলে টাকা বাঁচিয়ে ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমানের বিরুদ্ধে।
জানা গেছে, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাড়ালদা বাজার থেকে দুরাকুটি পর্যন্ত দেড় কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার কংক্রিট ব্লক রাস্তার কাজ করেন স্থানীয় স্যামসাং বাবু নামে এক ঠিকাদার। রাস্তার পাশে মাটি না ফেলেই ৫ মাস আগে ওই রাস্তার কাজ সম্পন্ন দেখান ঠিকাদার। তবে রাস্তার দুই পাশে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে মাটি ফেলার বরাদ্দ ছিলো। দারিদ্র্য বিমোচনে পল্লী কর্মসংস্থান ও সড়ক সংস্কার প্রকল্প (আরইআরএমপি)-এর শ্রমিক দিয়ে টানা ৫ দিন রাস্তা সংস্কারে কাজ করান ওই প্রকৌশল। আর ওই অর্থ আত্মসাত করেন এন্তাজুর রহমান।
সদর উপজেলা কুলাঘাট ইউনিয়ন থেকে আসা আরইআরএমপি-এর শ্রমিক সাজেদা বেগম বলেন, প্রতিদিন ৪০ টাকা রিকশাভাড়া দিয়ে ১৫ কিলোমিটার দূরে এসে কাজ করছি। আবার ৪০ টাকা দিয়ে বাড়ি যাচ্ছি। উপজেলা প্রকৌশলী স্যারের নির্দেশতো মানতেই হবে বলে জানান তিনি।
তবে এ ব্যাপারে ঠিকাদার স্যামসাং বাবু কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগটি স্বীকার করে প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, রাস্তাটি আরও মজবুত করার জন্য দুই পাশে শ্রমিক দিয়ে মাটি কাটা হয়েছে। তাহলে বাজেটের প্রায় ৩ লাখ টাকা কোথায় ব্যয় হয়েছে? এমন প্রশ্ন করা হলে তিনি জবাব না দিয়ে কৌশলে এড়িয়ে যান।