লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বামীর থাপ্পরে লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী জোবায়েরকে (৪৫) আটক করেছে।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের মোক্তারটারী এলাকার নিজ বাড়ি থেকে লাভলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আটক জোবায়ের ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত লাভলী বেগম চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় জোবায়ের স্ত্রী লাভলী বেগমকে থাপ্পর দেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
স্ত্রীর মরদেহ নিয়ে বাড়িতে ফিরে অনুতপ্তের কান্নায় ভেঙে পড়েন জোবায়ের। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাভলীর মরদেহ উদ্ধার করে এবং জোবায়েরকে আটক করে থানা হেফাজতে নেয়। আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। নিহতের স্বামী জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।