নেত্রকোনায় 'জঙ্গি আস্তানা' ঘিরে রেখেছে পুলিশ

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার (৮ জুন) দুপুর থেকে একটি বাড়ি ঘিরে রেখেছে জেলা পুলিশ। জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনাটি।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, আমরা বেশ কিছুদিন আগেই বিভিন্ন সোর্স ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে, নেত্রকোনা সদরে কোথাও একটা জঙ্গি আস্তানা রয়েছে। বিষয়টি জানার পর থেকেই কাজ করে আসছিল পুলিশ। শুক্রবার আমরা নিশ্চিত হই, সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় প্রফেসর আব্দুল মান্নান নামে এক ব্যক্তির বাড়িতে এই আস্তানাটি রয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, যে ঘরটিতে অভিযান চালানো হয়, সেটি সাউণ্ডপ্রুভ ছিল। দেখেই বোঝা যায় যে, এখানে জঙ্গিদের প্রশিক্ষণ করানো হতো। অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি, খেলনা পিস্তল, হাতকড়া, জিহাদি বই ও ওয়াকিটকিসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে বাড়ি থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে এন্টি টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে এসে বাড়িটির ভেতরে ঢুকে অভিযান শুরু করে। অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

স্থানীয় ইউপি আনোয়ার হোসেন জানান, বাড়ির মালিক প্রফেসর আব্দুল মান্নান। তার বাড়ি জেলার আটপাড়া উপজেলায়। দুই-তিন বছর আগে বর্তমান বাসিন্দাদের কাছে বাড়িটি ভাড়া দেওয়া হয়। তবে ভাড়া নেওয়া ব্যক্তিদেরকে এলাকার লোকজন কখনও দেখেননি। পুরো বাড়িটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে।