সাবেক প্রতিমন্ত্রী জাকিরের বিরুদ্ধে মামলা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনসহ ২৫ জনের নামে বৃহস্পতিবার (৯ অক্টোবর) কুড়িগ্রামের রৌমারী থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। ওই দিন রাতে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে সোহেল রানা ও তার সহযোগী সবুজ আহমেদকে গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. সোহেল রানা উপজেলার রৌমারী বাজার গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার সহযোগী সবুজ আহমেদ একই গ্রামের আক্কাস আলীর ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেনের নির্দেশে এবং সোহেল রানার নেতৃত্বে একদল যুবক রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর করে জখম করেন। এছাড়াও শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। দুই বছর আগের সেসব অভিযোগ উল্লেখ করে আব্দুল ওহাব মন্ডল নামের এক শিক্ষক ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় সোহেল রানা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

সোহেলের ছোট ভাই ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হাসান সুমন বলেন, আমার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে।