ঢাকা-বেনাপোল রুটে পদ্মা সেতু হয়ে আজ থেকে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা আনুষ্ঠানিকভাবে রূপসী বাংলা এক্সপ্রেসের করবেন। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগবে প্রায় পৌনে চার ঘণ্টা।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোলের স্টেশনমাস্টার সাইদুজ্জামান বলেন, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ সোমবার। নতুন এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে বেনাপোল পৌঁছানো যাবে। বর্তমানে ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে বেনাপোল যেতে সাত ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে। পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল নতুন রুটে ট্রেন চলাচলে যাত্রীদের সময় বাঁচবে প্রায় চার ঘণ্টা।
বেনাপোল থেকে ৮২৭/৮২৮ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে বেলা পৌনে ১১টায় ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আবার বেনাপোল থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী তুলবে।
ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে খুলনা পর্যন্ত শোভন চেয়ার ৪৪৫, স্নিগ্ধা ৭৪০, এসি সিট ৮৮৫ এবং এসি বার্থের ভাড়া এক হাজার ৩৩০ টাকা। এছাড়া সব শ্রেণির ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।