সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলা: হাসপাতালে সাংবাদিক জাবেদ 

পাবনার ঈশ্বরদীতে সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পাবনার ঈশ্বরদী এলাকার বিএনপি নেতা-কর্মীরা এই হামলা চালান। তথ্যসূত্র: বাসস।

হামলায় গুরুতর আহত এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আখতারকে উদ্ধার করে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা ব্রিফিং বর্জন করে অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকরা আইনজীবীদের জন্য অপেক্ষা করছিলেন। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে এক যুবক সাংবাদিকদের ঠেলে ডায়াসের সামনে ঢুকে পড়ে এবং তর্কে লিপ্ত হন। এসময় পাবনা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের কিল, ঘুসি ও লাথি মেরে আহত করেন। এতে বেশি আহত হন সাংবাদিক জাবেদ আখতার।

পরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এসে পরিস্থিতি শান্ত করেন। 

হাসপাতালে জাবেদ আখতারকে সঙ্গে থাকা এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম রফিকুল হাসান (হাসান জাবেদ) জানান, জাবেদ আখতারকে হাসপাতালে ভর্তি করে বিভিন্ন পরীক্ষার নিরীক্ষা করা হচ্ছে।