চট্টগ্রামে কুকি-চিনের ২০ হাজার ইউনিফর্মসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য তৈরি করা ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৭ মে) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার রিংভো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে এসব ইউনিফর্ম জব্দ করা হয়। অভিযানকালে কারখানার মালিকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে । তবে পোশাক জব্দ ও গ্রেপ্তারের ৭ দিন পর ঘটনাটি জানাজানি হয়েছে গত রোববার।

গ্রেপ্তাররা হলেন সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। এদের মধ্যে সাহেদুল ইসলাম ওই কারখানার মালিক। অন্যরা এসব ইউনিফর্ম তৈরির কার্যাদেশ এনেছিলেন।

বায়েজিদ থানা পুলিশ জানায়, এ ঘটনায় গত ১৮ মে চার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন । মামলায় গ্রেপ্তার তিন জন ছাড়াও রাঙ্গামাটির কাপ্তাইয়ের মংহ্লাসিং মারমা (৩৭) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়।

রিংভো অ্যাপারেলসের প্রডাকশন ম্যানেজার মো. কামরুজ্জামানকে এসব পোশাক জব্দের সাক্ষী রাখা হয়েছে। তিনি বলেন, ‘এসব পোশাক তৈরির বিষয়ে আমরা জানি না। আমরা সাব-কন্ট্রাক্টের কাজ করে থাকি। আমরা কোনো বড় প্রতিষ্ঠান না। একটি ফ্লোরে ৫০-৬০টি মেশিন নিয়ে কারখানাটি চালানো হয়। এসব পোশাক কাদের, তাও আমরা জানি না।’

তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, বায়েজিদ থানার ওসি এবং গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও তারা ধরেননি।