বরিশাল বিভাগের ৪০টি স্বাস্থ্যকেন্দ্রের একটিতেও করোনা পরীক্ষার জন্য কিটসসহ অন্যান্য উপকরণ নেই। এতে ক্ষোভ প্রকাশ করছেন সেবা প্রত্যাশীরা। তবে দু-এক দিনের মধ্যে কিটসসহ অন্যান্য উপকরণ চলে আসলে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১৪ জুন) বরিশালের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতাল, ছয় সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা পরীক্ষার জন্য কিটসসহ অন্যান্য উপকরণ নেই। ফলে এসব স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন করোনার লক্ষণ নিয়ে আসা রোগীরা।
নগরীর চাদমারি এলাকার বাসিন্দা তানিম বলেন, করোনার লক্ষণ নিয়ে সরকারি হাসপাতালে গিয়ে জানতে পারি টেস্ট করা যাবে না। কয়েকদিন পর আসতে বলছে। এখন অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব? বিভাগীয় হাসপাতালে যদি স্বাস্থ্য সেবার মান এমন হয়!
মুলাদীর বাসিন্দা মোশারেফ হোসেন বলেন, করোনার লক্ষন নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, গিয়ে জানতে পারি করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। পরে বরিশালে গিয়ে কোনো সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসাসেবা পাইনি। এটি খুবই দুঃখজনক।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ঈদের ছুটির কারণে করোনার পরীক্ষা-নিরীক্ষায় একটু বিলম্ব হয়েছে। দু'এক দিনের মধ্যেই করোনা পরীক্ষার কিটসসহ সব উপকরণ চলে আসবে। পাশাপাশি বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল ও ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ব্যবস্থা চালুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।