আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরিশাল জেলার পশুর হাট কাঁপাতে প্রস্তুত বাবুগঞ্জ উপজেলার বিশাল আকৃতির এক অস্ট্রেলিয়ান জাতের ষাঁড় গরু, যার নাম রাখা হয়েছে ‘বাদশা’। বিশাল সুঠাম দেহের অধিকারী এই কালো রঙের ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ, যা এ বছর জেলার সবচেয়ে বড় কোরবানির পশু বলে দাবি করছেন এর মালিক।
সাড়ে সাত ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট উচ্চতার এই ষাঁড়টিকে একনজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে নানা বয়সের মানুষ খামারটিতে ভিড় জমাচ্ছেন। কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম পলাশ পরম মমতায় দীর্ঘ ৫ বছর ধরে ‘বাদশা’কে লালন-পালন করছেন। মালিকের দাবি, এটিই বর্তমান মৌসুমে বরিশাল জেলার সবচেয়ে বড় কোরবানির পশু।
খামারি কামরুল ইসলাম পলাশ জানান, সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে কোনো প্রকার মোটা-তাজাকরণ ওষুধ ছাড়াই বাদশাকে বড় করা হয়েছে। খাবারের তালিকায় রয়েছে খড়, গমের ভুষি, ভুট্টা, কুঁড়া ও কাঁচা ঘাস। তিনি বলেন, ‘৫ বছর ধরে বাদশাকে নিজের সন্তানের মতো বড় করেছি। এই প্রাণীটির সাথে আমাদের পরিবারের আবেগ জড়িয়ে আছে। আশা করছি, হাটে বাদশার উপযুক্ত দাম পাব।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সরকার বাদশার বিষয়ে বলেন, ‘খামারি কামরুল ইসলাম আমাদের পরামর্শ অনুযায়ী বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায়ে গরুটিকে বড় করেছেন। এটি অত্যন্ত স্বাস্থ্যবান এবং সুঠাম দেহের অধিকারী।’
প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, বাবুগঞ্জ উপজেলায় এ বছর ছোট-বড় ৮৪০টি খামারে কোরবানির জন্য ১৩ হাজার ৪৮৮টি পশু প্রস্তুত করা হয়েছে। উপজেলায় পশুর চাহিদা রয়েছে ১০ হাজার ৫৯৪টি, যার ফলে ২ হাজার ৮৯৪টি পশু উদ্বৃত্ত থাকবে। তবে সবকিছুর ঊর্ধ্বে এখন আলোচনায় রয়েছে ৩৫ মণের ‘বাদশা’।