ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

ঈদে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বরিশালে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম এবং তাদের শিশু সন্তান জান্নাত।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে বরিশালের উজিরপুরে ঈদ করতে যাচ্ছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল থামিয়ে রাখা হয়।

এ সময় বরিশালগামী তাজ পরিবহনের–এর একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃ/ত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এর আগেই বাসচালক ও তার সহকারী পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং যানজট নিরসনে কাজ চলছে।