অসময়ে জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অসময়ে হত্যা করা না হলে বাংলাদেশ আজ আরও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

শনিবার (৩০ মে) চার দিনের ভোলা সফরের শেষ দিনে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, জিয়াউর রহমান জীবিত থাকলে দেশের নানা জটিল সমস্যার কার্যকর সমাধান করতে পারতেন। তার নেতৃত্ব, দূরদর্শিতা ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নযাত্রাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত বলে তিনি মনে করেন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও রাজনৈতিক দর্শন এখনো দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক। তার আদর্শ অনুসরণ করে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে এবং জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পিতা-মাতার রাজনৈতিক আদর্শ ধারণ করে তিনি বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন স্পিকার।

জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শ আজও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের প্রত্যক্ষ সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলটি গণতন্ত্রের পক্ষে অবস্থান বজায় রেখেছে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় নানা রাজনৈতিক চাপ, নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছেন। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার নেতৃত্বের স্বীকৃতি ছিল বলে মন্তব্য করেন তিনি।

এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমীরসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।