ভোলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় প্রাণ গেলো যুবকের

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল (২৮) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ওই সমর্থককে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার করিম চৌধুরীর দোকানের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বৌদ্দের পোল বাজার এলাকার মুন্সিবাড়ির মৃত মাকসুদুল্লাহর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিল সমর্থকদের একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বাবুল ও তার সঙ্গী। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।