ফুটবলপ্রেমীদের উন্মাদনা অনেক সময়ই জন্ম দেয় ব্যতিক্রমী ঘটনার। পটুয়াখালীতে এমনই এক ঘটনা ঘটেছে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে। নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করিয়েছেন আর্জেন্টিনা দলের এক সমর্থক।
পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা কাজী রাফি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচিত।
শুক্রবার (১৯ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘোষণা দেন, পরদিনের ম্যাচে ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয় পায়, তাহলে তিনি নিজের মাথার চুল ফেলে দেবেন।
শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে পরাজিত করে জয় নিশ্চিত করে ব্রাজিল। খেলা শেষ হওয়ার পর খবরটি ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা কাজী রাফির বাসার সামনে জড়ো হন। পরে তিনি স্বেচ্ছায় তাদের সঙ্গে শহরের ঝাউবন এলাকায় যান।
সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই তার মাথা ন্যাড়া করা হয়। পুরো ঘটনাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। কথা দিয়েছি, তাই তা রেখেছি।”
স্থানীয়দের মতে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এমন ঘটনা এলাকায় আনন্দের খোরাক জুগিয়েছে। তারা এটিকে প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও খেলাপ্রেমেরই একটি মজার প্রকাশ হিসেবে দেখছেন।
ফুটবল নিয়ে আবেগ, প্রতিশ্রুতি আর সমর্থকদের বন্ধুত্বপূর্ণ খুনসুটি—সব মিলিয়ে পটুয়াখালীর এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।