বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার শিকার সদস্যদের দেখতে গিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি পুলিশ সদস্যদের খোঁজখবর নেন।
শনিবার (১১ জুলাই) দুপুরে আগৈলঝাড়া থানা পরিদর্শন করেন তিনি।
থানার ভাঙচুর করা কক্ষ পরিদর্শন শেষে আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
গত বৃহস্পতিবার আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় মিছিল নিয়ে এসে হামলার ঘটনা ঘটে। হামলায় পুলিশের অন্তত ছয়জন সদস্য আহত হন।
শনিবার থানা পরিদর্শন শেষে আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তথ্যমন্ত্রী।
এ সময় সাংবাদিকরা থানায় হামলার ঘটনার মামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল রিপন (বরিশাল ব্যুরো, বাংলা টিভি) ও সাবেক সভাপতি সাইফুল ইসলামের (যুগান্তর) নাম প্রত্যাহারের বিষয়ে তথ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, থানায় হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। এই হামলার ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির স্বীকার না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খাঁন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি সরদার হারুন রানা প্রমুখ।