পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর ভেকু (খননযন্ত্র) দিয়ে ভেঙে ফেরার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
এসময় ঘরে থাকা মূল্যবান মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের পাশাপাশি অগ্নিসংযোগেরও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৮ জুলাই) ভোরে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। তার বসতবাড়িতে স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বসবাস করতেন। তবে ঘটনার সময় চিকিৎসার জন্য তারা ঢাকায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। সেই সুযোগে গভীর রাতে একদল দুর্বৃত্ত ভেকু নিয়ে এসে বাড়িতে হামলা চালিয়ে ঘর ভেঙে ফেলে বলে অভিযোগ ওঠে।
মুঠোফোনে শিল্পী বেগম বলেন, ‘চিকিৎসার জন্য ঢাকায় ছিলাম। সেই সুযোগে গভীর রাতে একদল লোক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভেকু দিয়ে পুরো ঘরটি ভেঙে ফেলে। ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে ঘরে আগুনও লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িতে ফিরে দেখি সবকিছু ধ্বংস হয়ে গেছে।’
তিনি আরও জানান, ঘটনাটি স্থানীয় কাঁঠালতলী পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে।