বরগুনার বামনা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ২নং বামনা সদর ইউনিয়নের ঢুষখালী গ্রামের কালিকাবাড়ি সড়কের জমাদ্দার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বামনা থানার এসআই (নিঃ) মো. মাহিম হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ঢুষখালী গ্রামের মোঃ হানিফ খানের ছেলে মোঃ আরিফ খান (২৪)-কে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও তিনজনকে পলাতক আসামি করা হয়েছে। তারা হলেন, মোঃ হাসিবুল ইসলাম, মামুন দফাদার এবং মোঃ জিসান।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত আরিফ খান অন্য থানা এলাকা থেকে পাইকারি মূল্যে ইয়াবা সংগ্রহ করে বামনা উপজেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় বামনা থানায় মামলা নং-০৪, তারিখ: ২১/০৭/২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১ অনুযায়ী দায়ের করা হয়েছে।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, ‘বামনা থানাকে মাদকমুক্ত করাই আমাদের অঙ্গীকার। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।’