রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে অ্যাম্বুলেন্স

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ফজলুল হক আহত হয়েছেন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে বলে জানিয়েছেন স্বজনরা।

সোমবার (২৭ জুলাই) সকালে ঢাকা-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ফজলুল হক ঝালকাঠি শহরের পালবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত চিকিৎসার জন্য ফজলুল হককে নিয়ে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ঝালকাঠি সদর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অ্যাম্বুলেন্সটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় গাড়িটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত ফজলুল হকের ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা দীর্ঘদিন ধরে অসুস্থ। নিয়মিত চিকিৎসার জন্য প্রতি মাসেই তাকে ঢাকায় যেতে হয়। সোমবারও চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তার একটি পা ভেঙে গেছে। ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অন্য একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।