দুই কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মিম (২২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেলের চালক পালিয়ে যায়।

সোমবার (৩ আগস্ট) ভোরের দিকে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের সাড়াতলা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোসা. মিম (২২) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং শাহপরান ওরফে পরানের স্ত্রী।

পুলিশ জানায়, ওই দিন কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের সাড়াতলা এলাকায় স্থানীয় মুজাহিদের ড্রাগন ক্ষেতের সামনে টহলরত অবস্থায় একটি মোটরসাইকেলকে দ্রুতগতিতে আসতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা নারী আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান। পরে তাকে আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় আটককৃত মিমের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপে মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিম জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের নাম মো. হাসান। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বাসিন্দা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসার উল্লাহ হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি হাসানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।