সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন,তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে বরিশালের গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা। আধুনিক তথ্য কমপ্লেক্সটি শুধু তথ্যসেবা নয়, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিবার (১৬ আগস্ট) বেলা বারোটার দিকে বরিশাল নগরীর কাশিপুরে ১৭ কোটি টাকা বরাদ্দে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেছেন, এই কাজটাকে খুব দ্রুত একটা সেবা দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যারা ব্যবহার করতে পারেন, তারা হচ্ছেন সাংবাদিকরা। 

মন্ত্রী বলেছেন, তথ্য কমপ্লেক্সে প্রতিদিন যদি চারটি করে সিনেমা চলতে থাকে, যার যেমন সুবিধা ঘরে বসে ইন্টারনেটে টিকিট কাটবে, এসে ভালো ভালো ছবি দেখে চলে যাবে। এই ধরনের নানান রকম বহুমুখী তথ্যসেবা, বিনোদনসেবা, জ্ঞান আহরণের সেবা ও গবেষণার সেবা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ‘ডিজিটাল বাংলাদেশ’কে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, নির্মাণ হতে যাওয়া আধুনিক তথ্য কমপ্লেক্সে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভসহ প্রযুক্তিতে তরুণদের দক্ষতা বৃদ্ধি সেবা দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে।

তিনি বলেন, সরকার দেশে সর্বাধুনিক প্রযুক্তির তথ্য কমপ্লেক্স তৈরির কাজ চালাচ্ছে। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও এগিয়ে যাবে আগামীর পথে। এছাড়াও প্রচলিত অর্থেই উন্নয়ন নয়, আধুনিক জ্ঞাননির্ভর উন্নতির দিকে এগিয়ে যাওয়ার জন্য তথ্যমন্ত্রী আহবান করেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এবং গণপূর্ত বিভাগ বরিশালের আয়োজনে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবুল জলিল।

এসময় বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।