বরিশালের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ ও দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন আর নেই।
শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সম্প্রতি ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর সাংবাদিক এম মিরাজ হোসাইনের নন-হজকিন লিম্ফোমা (Non-Hodgkin lymphoma) শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এম মিরাজ হোসাইন বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম এবং বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সিনিয়র সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত থেকে তিনি বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করেছেন।
স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে তাঁর মরদেহ ঢাকায় কর্মস্থল দৈনিক বণিক বার্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর পর লাশবাহী গাড়িতে করে মরদেহ বরিশালে নেওয়া হবে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় এম মিরাজ হোসাইনের মরদেহ বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে সাংবাদিক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। পরে প্রেসক্লাব প্রাঙ্গণেই তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে মরদেহ মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠক, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।