পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিত ও পদপ্রত্যাশীদের মধ্যে এর পর থেকেই বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও ছিল।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে দুই পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচিতে অংশ নেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে উত্তেজনা বাড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতারা মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ‘দুমকিতে যুবদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। উভয় পক্ষের কর্মসূচি চলাকালে পুলিশ মাঝখানে অবস্থান নেয়। এ সময় হঠাৎ দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।’
তবে সংঘর্ষে হতাহতের বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি।’