বরিশাল বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শনে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিস তালাবদ্ধ পাওয়া গেছে। নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে না পাওয়ায় উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অফিসের দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ কাউকে না জানিয়ে শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে যান। এ সময় অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী ছিলেন না। এমনকি অফিসের মূল ফটকও তালাবদ্ধ ছিল। পরে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় নৈশপ্রহরী এসে তালা খুলে দেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পাশের একটি দোকানের কর্মচারীর সঙ্গে কথা বলেন। তারা জানান, ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কর্মস্থলে আসেন না।
বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি গুরুতর দায়িত্বে অবহেলা। এ কারণে উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে তিন কার্যদিবসের মধ্যে অনুপস্থিতির কারণ জানাতে নোটিশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম বলেন, বিভাগীয় কমিশনারের পরিদর্শনে অফিসে কাউকে পাওয়া যায়নি এবং সেটি তালাবদ্ধ ছিল। এ ঘটনায় উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়। মঙ্গলবার বিকেলেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, সরকারি অফিসে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। যথাসময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হবে।