প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ দুইজনের নামে জিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ভোলায় দুজনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলা মডেল থানায় করা জিডিতে দুজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে আব্দুর রহমান রিফাত (১৯) ও মো. নাছিরের ছেলে মো. মাসুম (১৮)।

জিডিতে খন্দকার আল আমিন অভিযোগ করেন, গত শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে অভিযুক্তরা ফেসবুক ভিডিওতে অশালীন ও অসম্মানজনক বক্তব্য দেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, জিডির তদন্তের অনুমতি চেয়ে বুধবার আদালতে আবেদন পাঠানো হবে। আদালতের অনুমতি পাওয়ার পর তদন্ত শুরু হবে। অভিযুক্তরা ইতোমধ্যে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে অভিযুক্ত কলেজছাত্র আব্দুর রহমান রিফাত মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, বন্ধুদের সঙ্গে আড্ডার সময় আবেগের বশে প্রধানমন্ত্রীর উদ্দেশে কিছু অশালীন ও অসম্মানজনক কথা বলেছিলেন। এ বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং নিঃশর্ত ক্ষমাপ্রার্থী বলেও উল্লেখ করেন।