পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১

বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় হরিণের মাংস বহনে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।

অভিযানকালে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। এ সময় ইব্রাহিমকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। তিনটি চামড়ার মূল্য ৩ হাজার টাকা এবং হরিণের মাথার মূল্য ১ হাজার টাকা। এ ছাড়া অভিযানে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ইব্রাহিম এবং জব্দ করা হরিণের মাংস, চামড়া, মাথা ও কাঠের বোট পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, এ ঘটনায় বন বিভাগের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।