বরিশালে অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্য়ায় বরিশাল ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি দুই বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বর্তমান সমকাল বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটা চাবি থাকত। তিনি প্রায়ই দিনে ও রাতে এসে অফিস খুলে সময় কাটাতেন। তিনি দুপুরে একটি দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। আজ সন্ধ্যায় অফিসে এসে সুমন দেখেন, ভেতর থেকে অফিস তালাবদ্ধ। দরজা একটু ফাঁক করে দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলক চ্যাটার্জি ঝুলছেন। এ সময় দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।