বরিশালের গৌরনদীতে টিকটক করতে বাঁধা দেয়ায় মায়ের সাথে অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এই ঘটনা ঘটে।
জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনদের বরাত দিয়ে রোববার সকালে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, পড়াশোনা বাদ দিয়ে টিকটক করায় শনিবার বিকেলে জান্নাতকে বকাঝকা করেন তার মা। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. আলাউদ্দিন আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।