বরগুনার পাথরঘাটায় মাছ ধরার একটি ট্রলারে রান্নার সময় গ্যাসের চুলা বিস্ফোরণে ট্রলারমালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল খানের মালিকানাধীন এফভি ‘রাবেয়া’ ট্রলারে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- ট্রলারমালিক দুলাল খান (৫৫), পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের আলম খান (৪৫) ও বাকি বিল্লাহ হাওলাদার (৪৫)।
দুলাল খান জানান, ১৪ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। বাজারসদাই শেষে দুপুরের খাবার খেয়ে সাগরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এ সময় ট্রলারের বাবুর্চি রান্না করছিলেন। হঠাৎ গ্যাসের চুলা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে তিনি, আলম খান ও বাকি বিল্লাহ দগ্ধ হন। বাকি ১১ জন তখন ট্রলারে না থাকায় তাঁরা অক্ষত রয়েছেন।
পরে স্থানীয়রা দগ্ধ তিনজনকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। অপরজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইস্মিতা এ তথ্য নিশ্চিত করেছেন।