আজ ২৪ নভেম্বর, বরগুনার বামনা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সাহসী অভিযানে শত্রুমুক্ত হয় বামনা। এর আগের দিন ২৩ নভেম্বর আমুয়া নদীর তীরে সম্মুখযুদ্ধে পাকিস্তানি বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করেন মুক্তিযোদ্ধারা। বিজয়ের এই ইতিহাসের পাশাপাশি বামনায় রয়েছে নির্যাতন, নারী নিপীড়ন, লুটপাট, অগ্নিসংযোগ ও আত্মত্যাগের বেদনাদায়ক অধ্যায়।
আমুয়া নদীতে সম্মুখযুদ্ধ
১৯৭১ সালের ২৩ নভেম্বর বেতাগীর বদনীখালী বাজারে অগ্নিসংযোগ ও লুটপাটের পর পাকিস্তানি বাহিনী ‘এমভি আল-আকরাম’ লঞ্চে বামনার দিকে অগ্রসর হয়। খবর পেয়ে মুক্তিযোদ্ধারা আমুয়া নদীর তীরে আমজাদ খানের বাড়ির পেছনের রাস্তা ও বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেন।
লঞ্চটি তীরের কাছে এলে মুক্তিযোদ্ধারা গুলি চালান। তরুণ মুক্তিযোদ্ধা সেলিম সরদার প্রথম গুলি ছোড়েন। যুদ্ধের একপর্যায়ে হালকা মেশিনগান বিকল হয়ে যায়। এম এ আজিজের রকেটগানও নষ্ট হলে মুক্তিযোদ্ধারা এসএলআর দিয়ে প্রতিরোধ চালিয়ে যান। প্রায় এক ঘণ্টার লড়াই শেষে পাকিস্তানি বাহিনী লঞ্চ ঘুরিয়ে বেতাগীর দিকে ফিরে যায়।
ভোররাতে থানা আক্রমণ, মুক্ত হয় বামনা
পরদিন ২৪ নভেম্বর ভোররাতে মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে বামনা থানা ঘিরে আক্রমণ করেন। উত্তরে আকনবাড়ির বাগান, দক্ষিণে সারওয়ারজান হাইস্কুল এবং পশ্চিমে সদর মসজিদের পাশ থেকে একযোগে আক্রমণ চালানো হয়। সেনাবাহিনীর নায়েক আমীর হোসেন থানা ভবন লক্ষ্য করে কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে থানায় অবস্থানরত পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করে। মুক্তিযোদ্ধারা থানার পতাকাদণ্ডে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়ে হানাদারমুক্ত হয় বামনা।
বুকাবুনিয়ায় মুক্তিযুদ্ধের প্রস্তুতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের পর বামনায় মুক্তিকামী মানুষ সংগঠিত হতে শুরু করেন। চালিতাবুনিয়া গ্রামের ইয়াদ আলী পাহলানের বাড়ি এবং পরে বুকাবুনিয়া স্কুলে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ চলে। ২৫ মার্চের গণহত্যার পর সেখানে প্রশিক্ষণ নিতে আসেন অনেকে। বামনা থানার বাঙালি পুলিশ সদস্য আবুল কাশেম ও পরে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সেলিম সরদার প্রশিক্ষণ দেন। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ফেরেন ছাত্রনেতা হুমায়ূর কবীর হিরু, আনোয়ার হোসেন মজনু খান ও সিদ্দিকুর রহমান।
পরে কমান্ডার আলমগীর হোসেন ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০-৬০ জন মুক্তিযোদ্ধা ও অস্ত্র নিয়ে বুকাবুনিয়ায় পৌঁছান। সেখানে নবম সেক্টরের একটি সাব-সেক্টর স্থাপন করা হয়। এর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মেহেদী আলী ইমাম ও আলমগীর হোসেন। মুক্তিযুদ্ধ সংগঠনে আসমত আলী সিকদার এমএনএ, মোবারক আলী মল্লিক, আবদুল মজিদ মাস্টার ও আমীর হোসেনসহ স্থানীয় অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মে মাসে পুরাতন বামনা বাজারে বর্বরতা
১৯৭১ সালের মে মাসের শেষ দিকে ‘এমভি আকরাম’ লঞ্চে পাকিস্তানি বাহিনীর একটি দল পুরাতন বামনা বাজারে অভিযান চালায়। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, বরগুনা মহকুমা শান্তি কমিটির সভাপতি খলিলুর রহমান ওরফে মোক্তার খলিল ওই লঞ্চে ছিলেন। বরগুনা ক্যাম্পের দায়িত্বে থাকা সুবেদার মুজাফফর আহমদের নেতৃত্বে সেনারা প্রথমে বামনা থানায় যায়। সেখানে মুক্তিযোদ্ধা ও হিন্দু সম্প্রদায়কে সহযোগিতার অভিযোগে সৈয়দ ইরতিজা আহসানকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান। তবে পুলিশ কর্মকর্তা ও কয়েকজন কনস্টেবল তাঁর পক্ষে সাক্ষ্য দেন। উর্দু ভাষায় নিজের নির্দোষিতা তুলে ধরার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, রাজাকারদের নির্যাতন ও দুর্ব্যবহারের প্রতিবাদ করায় ইরতিজা আহসানের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষকে হয়রানি থেকে রক্ষায় তিনি পরিচয়পত্রের ব্যবস্থাও করেছিলেন বলে প্রবীণদের বর্ণনায় জানা যায়।
থানা থেকে বেরিয়ে পাকিস্তানি সেনা ও রাজাকাররা কলাগাছিয়া গ্রামের খন্দকার বাড়িতে মনি মিয়ার বসতঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর পুরাতন বামনা বাজারের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়। স্থানীয়দের মতে, এতে প্রায় ১০-১২টি পরিবারের বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সুধাংশু দাসের ওষুধের দোকান ও বাড়ি, হেমন্ত রায়ের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং মধুসূদন সাহা ও অজিত কুমার সাহার যৌথ দোকান ছিল।
অভিযানের সময় আকবর হাওলাদার লুট হওয়া কিছু মালামাল আটকে রেখে পরে হিন্দু ব্যবসায়ীদের ফিরিয়ে দেন বলে স্থানীয়রা জানান। পাকিস্তানি বাহিনী চলে যাওয়ার পর সৈয়দ ইরতিজা আহসান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নেন।
বিভিন্ন স্থানে লুটপাট ও নারী নির্যাতন
পুরাতন বামনা বাজার ছাড়াও রামনা, ভাইজোড়া ও হোগলপাতি এলাকায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রামনার ইব্রাহিম সিকদারের বসতঘর, ভাইজোড়ার মৃধা ও খানবাড়ির কয়েকটি ঘর এবং হোগলপাতির কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হামলায় একাধিক নারী যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়। সামাজিক মর্যাদা ও লোকলজ্জার কারণে ভুক্তভোগী পরিবারগুলো এসব ঘটনা প্রকাশ্যে আনতে চাননি।
পুরাতন বামনা বাজারে দেবরাজ সাহার স্ত্রী সুরোধনী সাহাকে সিন্দুকের চাবি না দেওয়ায় মারধর করা হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। নিপু দাস নামে এক কিশোরীকে নির্যাতনের পর লঞ্চে তুলে নেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান। পরে তিনি বিষখালী নদীতে ঝাঁপ দিলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। নিরাপত্তার কারণে তাঁকে ভারতে আত্মীয়দের কাছে পাঠানো হয়।
দেশত্যাগ, দোকান বিক্রি ও আটক
যুদ্ধের ভয়াবহতায় সীতানাথ সাহা তাঁর পাঁচটি দোকান বিক্রি করে পরিবারসহ ভারতে চলে যান। দোকানগুলো কিনেছিলেন জব্বার জমাদ্দার, মজিবুল হক, আকবর হাওলাদার ও শুকুর হাওলাদার। এর মধ্যে একটি দোকানে পোস্ট অফিস ছিল। পরে এসব দোকানঘর পুড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের বর্ণনায় জানা যায়।
জব্বার জমাদ্দারের দোকানে থাকা বিপুল পরিমাণ সুপারি রাজাকাররা নিয়ে যায়। এ সময় জব্বার জমাদ্দার ও সুধাংশু সাহাকে আটক করে বরগুনার পাকিস্তানি সেনা ক্যাম্পে নেওয়া হয়। সুধাংশু সাহাকে চিকিৎসক সুধাংশু দাস ভেবে ধরে নেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান। পরে দারোগা ইউনুসের হস্তক্ষেপে ভোররাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বামনার দুই শহীদ মুক্তিযোদ্ধা
মহান মুক্তিযুদ্ধে বামনার দুই বীর সন্তান শহীদ হন। তারা হলেন কলাগাছিয়া গ্রামের সিপাহি খন্দকার রফিকুল ইসলাম, যিনি কুমিল্লার গোপনঘাট এলাকায় সম্মুখযুদ্ধে এবং উত্তর কাকচিড়া গ্রামের মো. আলাউদ্দিন আলম, যিনি বাগেরহাটের শরণখোলায় পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন।