বরগুনার বামনা উপজেলা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অনুষ্ঠিত সাধারণ সভায় আগামী সাত কর্মদিবসের মধ্যে ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বামনা প্রেসক্লাবের আলোচনা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচক ছিলেন- বরগুনা প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর মৃধা, বামনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক রিয়াদুল কাদির এবং বামনা প্রেসক্লাবের সভাপতি আবুনাসের গোলাম কিবরিয়া। এ ছাড়া বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি, কাঁঠালিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্বশীলতা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় একটি কার্যকর প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতের বিভিন্ন বিতর্ক ও সাংগঠনিক জটিলতায় বামনা প্রেসক্লাবের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে একাধিক কমিটি গঠনের কারণে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়। এ পরিস্থিতি কাটিয়ে প্রেসক্লাবকে মূলধারার সাংবাদিকতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
সভায় জানানো হয়, বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি এবং আলহাজ্ব রুহুল আমিন শরীফের উদ্যোগে প্রেসক্লাব পুনর্গঠনের এ প্রক্রিয়া শুরু হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী মূলধারার গণমাধ্যমকর্মীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রকাশিত সংবাদের কপি, নির্ধারিত আবেদন ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, জমা পড়া আবেদন ও কাগজপত্র যাচাই-বাছাই এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানো, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন তারা।