নাড়াচাড়া দিলে ডানে-বামে যেতে পারবেন না: প্রতিমন্ত্রী

পটুয়াখালীর দশমিনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের সতর্ক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, ককটেল বিস্ফোরণ, বিদ্যালয়ের দেয়ালে লেখালেখি কিংবা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো তা প্রতিহত করবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না।’

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে নুরুল হক বলেন, এ জন্য সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে। উপজেলার ক্রীড়ার মানোন্নয়নে ইতোমধ্যে চারটি মাঠ সংস্কার করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রীও বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি উপজেলায় খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদ হাসান মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর মহানগরের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম ইমরান শাহিন, সংস্থার সদস্য আবুল বশারসহ স্থানীয় ক্রীড়াব্যক্তিরা।

টুর্নামেন্ট উদ্বোধনের পর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলীপুর ও রণগোপালদী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী নুরুল হক।