ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনি দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
নিহত মুজাহিদুল ইসলাম হাবিব সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল রঞ্জন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, মরহুমের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।