‘ফল না পাওয়া পর্যন্ত কেন্দ্রে থাকুন, সজাগ দৃষ্টি রাখুন’

ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা চলাকালে নেতাকর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই নির্দেশ দেন।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের এই প্রার্থী তার পোস্টে লেখেন, ‘ভোটকেন্দ্রের দিকে চোখ রাখুন। সজাগ থাকুন।’

তিনি আরও যোগ করেন, ‘সবাই কেন্দ্রে আসুন; গণনা শেষ না হওয়া পর্যন্ত এবং চূড়ান্ত ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্রেই অবস্থান করুন।’

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ১৩তম সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন কেন্দ্রগুলোতে চলছে গণনা। 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে প্রায় ৪৭.৯১ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। বর্তমানে দেবীদ্বারসহ সারা দেশের ভোটার ও প্রার্থীরা চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।