চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, আশঙ্কাজনক আরও ৮

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি আবাসিক ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৯ জনের মধ্যে রানি আকতার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়। রানি আকতারের শরীরের ১০০ শতাংশই দগ্ধ হয়েছিল।

এর আগে সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নারী ও শিশুসহ পরিবারের মোট ৯ জন দগ্ধ হন।

দগ্ধ অন্য ৮ জন হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানিয়েছে, দগ্ধদের মধ্যে পাখি ও সাখাওয়াতের শরীরও ১০০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া বাকিদের শরীরের ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধ প্রত্যেকেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুসহ সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধার জন্য তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটের রান্নাঘরে রাতে গ্যাস জমে ছিল। ভোরে পরিবারের কেউ রান্না করতে গেলে বা আগুনের সংস্পর্শে আসতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।