নির্বাচন-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে চরম অস্থিরতা বিরাজমান । বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই এলাকায় পরিদর্শনে গিয়ে হঠাৎ হামলার মুখে পড়েন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ।

স্থানীয়রা জানায়, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে প্রকল্প বাজারে পৌঁছালে এমপির ওপর হামলা চালানো হয়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার সমর্থকরা ঘটনাস্থলে ছুটে আসে, আর তাতেই শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। একপর্যায়ে এমপি নিজেই সড়কের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত মোতায়েন করা হলেও উত্তেজনা কমছে না। হান্নান মাসউদ ঘটনার সময় বলেন, ‘বেলাল মাঝিকে গ্রেপ্তার করা না হলে আমি এখান থেকে সরবো না। সে আগেও সাবেক এমপির ওপর হামলা চালিয়েছিল।’

হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, ‘আমরা ঘটনাস্থলে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’ তবে অভিযুক্ত বেলাল মাঝির কোনো বক্তব্য পাওয়া যায়নি।