কক্সবাজারে পাম্পের আগুনে দগ্ধ ১৬, পুড়লো বাড়ি ও গাড়ি

কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীতে নবনির্মিত একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০টি বসতবাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫টি জিপ গাড়ি। ফায়ার সার্ভিস জানিয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত এই গ্যাস পাম্পটির কোনো বৈধ অনুমোদন ছিল না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কলাতলীর 'এন আলম' নামক এলপিজি স্টেশনটি থেকে গ্যাস লিকেজ শুরু হয়। মুহূর্তেই পুরো এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা ধরে গ্যাস নিঃসরণ হওয়ার পর রাত ১০টা ২০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত স্টেশনের আশপাশের বাড়ি ও গ্যারেজে ছড়িয়ে পড়ে।

সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৫ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফিলিং স্টেশনের ১৪ হাজার লিটারের গ্যাস ট্যাংকটি সম্পূর্ণ খালি হওয়ার পর অগ্নিকাণ্ড প্রশমিত হয়।

বিস্ফোরণে দগ্ধ ১৬ জনের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৬ জন। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ জানান, ‘এই ফিলিং স্টেশনটির কোনো অনুমোদন ছিল না। গ্যাস লিকেজ থেকে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। মালিকপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।