মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব

চট্টগ্রামে আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার আকাশসীমা ও বিমানবন্দরগুলো বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল পর্যন্ত নতুন করে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, আজকের বাতিল হওয়া ৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি (মধ্যপ্রাচ্য থেকে আসার কথা ছিল), ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি (একটি মধ্যপ্রাচ্যগামী ও একটি ঢাকামুখী) এবং এয়ার অ্যারাবিয়ার চারটি (দুটি মধ্যপ্রাচ্যগামী ও দুটি ঢাকামুখী) ফ্লাইট রয়েছে।

তবে সব ফ্লাইট বন্ধ হয়ে যায়নি। ওমান ও সৌদি আরবের কিছু রুটে বিমান চলাচল অব্যাহত রয়েছে। আজ সকালে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে এবং পুনরায় যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দর থেকে মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এমন অনিশ্চয়তা ও পরিবর্তন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী বিমানবন্দরে এসে ফিরে যাচ্ছেন। কর্তৃপক্ষ নিয়মিতভাবে এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ রেখে যাত্রীদের আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করছে।