৮ বছরের প্রেমের টানে ফেনীতে ফিলিপাইনের তরুণী

'ভালোবাসার কোনো সীমানা নেই, নেই কোনো ভৌগোলিক বাধা'- প্রচলিত এই কথাটিই যেন বাস্তবে রূপ দিলেন ফিলিপাইনের তরুণী জেনি। দীর্ঘ ৮ বছরের প্রেমের টানে সুদূর ফিলিপাইন থেকে বাংলাদেশে ছুটে এসে ফেনীর এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী জেনি ও সুজন পালের বিয়ের আনুষ্ঠানিকতা জাঁকজমকভাবে সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর সুজন পাল (৩৪) নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের হিরলাল পালের ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কর্মরত ছিলেন। সেখানেই ২০১৮ সালে ফিলিপাইনি তরুণী জেনির (৩২) সঙ্গে তার প্রথম পরিচয়। সেই পরিচয় থেকেই বন্ধুত্ব এবং পরবর্তীতে তা গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘ ৮ বছরের অটুট সম্পর্কের পর তারা দুজনেই স্থায়ীভাবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্যেই বিয়ের পিঁড়িতে বসতে বাংলাদেশে আসেন জেনি।

বিয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতা পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার মানুষ, পরিবেশ এবং আতিথেয়তা সবকিছুই আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হচ্ছে।’

বর সুজন পাল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘দীর্ঘ ৮ বছরের অপেক্ষার পর আমরা আজ এক হলাম। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চাই।’

বিয়ে পরিচালনাকারী পুরোহিত নিমাই চন্দ্র চক্রবর্তী জানান, উভয় পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মীয় রীতি মেনে এই বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন। ভিনদেশী কনের এই বিয়ে দেখতে মন্দিরে উৎসুক মানুষের ভিড় জমেছিল।