মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত রয়েছে।
সোমবার (২৩ মার্চ) এক দিনেই সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে সর্বমোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনিশ্চয়তা বাড়ছে আকাশপথে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সোমবার বাতিল হওয়া সাতটি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি (আগত), ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি (বহির্গমন) এবং এয়ার আরাবিয়ার ২টি (১টি আগত ও ১টি বহির্গমন) ফ্লাইট।
ফ্লাইট বাতিলের হিড়িক পড়লেও সোমবার সীমিত পরিসরে কিছু কার্যক্রম সচল ছিল। এদিন মধ্যপ্রাচ্য থেকে ৬টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে এবং ৫টি ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলার ফ্লাইটের অচলাবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারে ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি হওয়ায় সিডিউল বিপর্যয় ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটবে না বলে ধারণা করা হচ্ছে।