ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নুর আলম মাসুদ (৪৫)-এর। ঘটনার চারদিন পর শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিহত নুর আলম মাসুদ ফেনীর সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে এবং পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন।
এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
নিহতের ভাই মোর্শেদ জানান, ইউটিউব দেখে নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা চলছিল। কিন্তু প্রক্রিয়ার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হঠাৎ পাইপ বিস্ফোরণ ঘটে এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।