বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, তিন যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মাইন বিস্ফোরণে তিন যুবক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে মিয়ানমার সীমান্তের জিরোপয়েন্টের ৪১নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘুমধুমের ভালুকিয়া এলাকার লেটাইয়া চাকমা, অংক্যামং চাকমা ও চিংক্যামং চাকমা। নিহতরা এখনো ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুরে তিন যুবক সীমান্ত এলাকায় কলাবাগানে যায়। এ সময় সীমান্তের কাছাকাছি গেলে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।