ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চামড়া নিয়ে টর্চলাইট জালিয়ে রাতভর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ–এ কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে তর্কের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ চলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি ও শরীয়তউল্লাহ গোষ্ঠীর লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার দিন বিকেলে বাঘারবাড়ি গোষ্ঠীর মন মিয়ার দোকানের সামনে কোরবানির পশুর চামড়া রাখেন শরীয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল। এ সময় চামড়া থেকে রক্ত দোকানের সামনে ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া এর প্রতিবাদ জানান।

এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলতে থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশ–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।