নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে।
তলপেট ও হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফারুক হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৩ থেকে ৪ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত অটোরিকশা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং আহত ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তার শরীর থেকে গুলি বের করার প্রক্রিয়া চলছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছে।'
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিক গুলি করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় কোনো কিশোর গ্যাং বা 'লোকাল গ্যাং'-এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।