স্বামী’র বিরুদ্ধে স্ত্রী’র যৌতুক মামলা আর স্ত্রী’র বিরুদ্ধে স্বামীর দায়ের করা চুরির মামলায় দুজনকেই কারাগারে পাঠিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজী উপজেলায়।
বুধবার (১০ জুন) উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ফেনীর সোনাগাজীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন এ আদেশ দেন। পারস্পরিক মামলায় স্বামী-স্ত্রীকে জেল হাজতে পাঠানোর ঘটনা জানাজানির পর জেলাজুড়ে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।
মামলার এজহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর স্ত্রী নাসিমা আক্তার ৪ ভরি স্বর্ণালংকার চুরি করে বাবার বাড়িতে চলে যায়। এ ঘটনায় স্বামী সুমন বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে ফেনীর আদালতে চুরির মামলা দায়ের করেন।
অপরদিকে, দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে ফেনীর আদালতে স্বামী সুমনসহ শশুর-শাশুড়িকে আসামি করে যৌতুক আইনে আরেকটি মামলা দায়ের করেন। উভয় মামলা ফেনীর আদালতের সোনাগাজী কোর্টের বিচারক সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিনের নজরে এলে তিনি স্বামী-স্ত্রী উভয় পক্ষকে আপস মীমাংসার সুযোগ দেন। আপস মীমাংসা না হওয়ায় বুধবার মামলার নির্ধারিত তারিখে স্বামী-স্ত্রী দুজনই আদালতে হাজির হন। এসময় আদালত উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনে পারস্পরিক মামলায় স্বামী-স্ত্রী উভয়কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, স্বামী ও স্ত্রী একে অপরের বিরুদ্ধে মামলা করেছে, দুজনের মামলাই ভুয়া। আদালত বিচার-বিশ্লেষণ করে স্বামী-স্ত্রী দুজনকেই জেল হাজতে প্রেরণ করেছেন। আমার মতে এটি আদালতের সঠিক সিদ্ধান্ত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পারস্পরিক বিরোধের মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।