নোয়াখালীতে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মো. তাসিফ (৯) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে ৩ শিশুর মৃত্যুর ঘটনা ঘটল।

বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ নানা রোগে ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৩৪ জন শিশু ভর্তি হয়েছে।
 
বৃহস্পতিবার( ১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

মৃত তাসিফ লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে তাসিফকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সে মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ নানা রোগে ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৪ জন শিশু ভর্তি হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে ২টি আইসোলেশন সেন্টারে ৪০টি শয্যা রয়েছে। অধিক রোগী হওয়ায় বাকীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গাদাগাদি করে অধিক রোগী চিকিৎসা নেয়ার কারনে ডায়রিয়ার রোগীরা হামে আর হাম আক্রান্তরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু তাসিফ গত ১৫ জুন হাম উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলো। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে।