চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া হামজাটিলা এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জহুরুল আনোয়ার ওই এলাকার মৃত ফজল করিম ও মৃত রিয়াজু খাতুন দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে তিনি ঘরের সিঁড়িকক্ষের রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, তিনি জায়গা-জমি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতের ছেলে খালেদ জানান, সম্প্রতি তার বাবা এক আত্মীয়ের কাছে কিছু জমি বিক্রি করেছিলেন। ওই জমি সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি কয়েকদিন ধরে মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন। তবে পরিবারের মধ্যে কোনো ধরনের কলহ বা অন্য কোনো সমস্যা ছিল না বলে তিনি দাবি করেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।