চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রেপ্তারের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই জেলহাজতে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ ও পুলিশের দাবি, তিনি অসুস্থতার কারণে মারা গেছেন। তবে পরিবারের অভিযোগ, পুলিশের অমানুষিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মো. নুরুল আলম উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সাতকানিয়া থানার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে নুরুল আলম কারাগারে আসেন। সেখানে আসার পর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন।
বুধবার ( ২৪ জুন ) ভোরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নুরুল আলমের আকস্মিক এই মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার ও রাজনৈতিক সমর্থকরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।